Sylheti AddA

Sylheti Culture and Community

Sat05192012

Last update05:21:09 AM GMT

Profile

Layout

Direction

Menu Style

Cpanel

poem

    • অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে

    • অমন   আড়াল দিয়ে লুকিয়ে গেলে
                  চলবে না।
      এবার   হৃদয় মাঝে লুকিয়ে বোসো,
      কেউ    জানবে না, কেউ বলবে না।
             বিশ্বে তোমার লুকোচুরি,
             দেশ বিদেশে কতই ঘুরি -
      এবার   বলো আমার মনের কোণে
                  দেবে ধরা, ছলবে না।
             আড়াল দিয়ে লুকিয়ে গেলে
                  চলবে না। 

    •       জানি আমার কঠিন হৃদয়
             চরণ রাখার যোগ্য সে নয় -
      সখা,    তোমার হাওয়া লাগলে হিয়ায়
                  তবু কি প্রাণ গলবে না। 

    •        না হয় আমার নাই সাধনা,
             ঝরলে তোমার কৃপার কণা
      তখন    নিমেষে কি ফুটবে না ফুল
                  চকিতে ফল ফলবে না।
             আড়াল দিয়ে লুকিয়ে গেলে
                  চলবে না।

    • কণিকা

    • কুষ্মাণ্ডের মনে মনে বড়ো অভিমান,
      বাঁশের মাচাটি তার পুষ্পক বিমান।
      ভুলেও মাটির পানে তাকায় না তাই,
      চন্দ্রসূর্যতারকারে করে `ভাই ভাই'।
      নভশ্চর ব'লে তাঁর মনের বিশ্বাস,
      শূন্য-পানে চেয়ে তাই ছাড়ে সে নিশ্বাস।
      ভাবে, `শুধু মোটা এই বোঁটাখানা মোরে
      বেঁধেছে ধরার সাথে কুটুম্বিতাডোরে;
      বোঁটা যদি কাটা পড়ে তখনি পলকে
      উড়ে যাব আপনার জ্যোতির্ময় লোকে।'
      বোঁটা যবে কাটা গেল, বুঝিল সে খাঁটি---
      সূর্য তার কেহ নয়, সবই তার মাটি।


    • হাতে-কলমে

    • বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
      এরই তরে মধুকর এত করে জাঁক!
      মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
      আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই॥


    • গৃহভেদআম্র কহে, একদিন, হে মাকাল ভাই,
      আছিনু বনের মাঝে সমান সবাই;
      মানুষ লইয়া এল আপনার রুচি---
      মূল্যভেদ শুরু হল, সাম্য গেল ঘুচি॥


    • গরজের আত্মীয়তা

    • কহিল ভিক্ষার ঝুলি টাকার থলিরে,
      আমরা কুটুম্ব দোঁহে ভুলে গেলি কি রে?
      থলি বলে, কুটুম্বিতা তুমিও ভুলিতে
      আমার যা আছে গেলে তোমার ঝুলিতে॥


    • কুটুম্বিতা

    • কেরোসিন-শিখা বলে মাটির প্রদীপে,
      ভাই ব'লে ডাকো যদি দেব গলা টিপে।
      হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা;
      কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা॥


    • উদারচরিতানাম্

    • প্রাচীরের ছিদ্রে এক নামগোত্রহীন
      ফুটিয়াছে ছোটো ফুল অতিশয় দীন। 
      ধিক্-ধিক্ করে তারে কাননে সবাই;
      সূর্য উঠি বলে তারে, ভালো আছি ভাই?।


    • অসম্ভব ভালো

    • যথাসাধ্য-ভালো বলে, ওগো আরো-ভালো,
      কোন্ স্বর্গপুরী তুমি করে থাকো আলো?
      আরো-ভালো কেঁদে কহে, আমি থাকি হায়
      অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়॥


    • প্রত্যক্ষ প্রমাণ

    • বজ্র কহে, দূরে আমি থাকি যতক্ষণ
      আমর গর্জনে বলে মেঘের গর্জন,
      বিদ্যুতের জ্যোতি বলি মোর জ্যোতি রটে,
      মাথায় পড়িলে তবে বলে--- `বজ্র বটে!'


    • ভক্তিভাজন

    • রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম---
      ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। 
      পথ ভাবে `আমি দেব', রথ ভাবে `আমি',
      মূর্তি ভাবে `আমি দেব'--- হাসে অন্তর্যামী॥ 

    • উপকারদম্ভ

    • শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির,
      লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির॥


    • সন্দেহের কারণ

    • `কত বড়ো আমি' কহে নকল হীরাটি।
      তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি॥


    • অকৃতজ্ঞ

    • ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে,
      ধ্বনি-কাছে ঋণী সে যে পাছে ধরা পড়ে॥


    • নিজের ও সাধারণের

    • চন্দ্র কহে, বিশ্বে আলো দিয়েছি ছড়ায়ে,
      কলঙ্ক যা আছে তাহা আছে মোর গায়ে॥


    • মাঝারির সতর্কতা

    • উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে,
      তিনিই মধ্যম যিনি চলেন তফাতে॥


    • নতিস্বীকার

    • তপন-উদয়ে হবে মহিমার ক্ষয়,
      তবু প্রভাতের চাঁদ শান্তমুখে কয়,
      অপেক্ষা করিয়া আছি অস্তসিন্ধুতীরে
      প্রণাম করিয়া যাব উদিত রবিরে॥


    • কর্তব্যগ্রহণ

    • কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যারবি---
      শুনিয়া জগত্‍‌ রহে নিরুত্তর ছবি।
      মাটির প্রদীপ ছিল; সে কহিল, স্বামী,
      আমার যেটুকু সাধ্য করিব তা আমি॥


    • ধ্রুবাণি তস্য নশ্যন্তি

    • রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
      সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা॥


    • মোহ

    • নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
      ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। 
      নদীর ও পার বসি দীর্ঘশ্বাস ছাড়ে---
      কহে, যাহা কিছু সুখ সকলই ও পারে॥


    • ফুল ও ফল

    • ফুল কহে ফুকারিয়া, ফল, ওরে ফল,
      কত দূরে রয়েছিস বল্ মোরে বল্!
      ফল কহে মহাশয়, কেন হাঁকাহাঁকি---
      তোমারই অন্তরে আমি নিরন্তর থাকি॥


    • প্রশ্নের অতীত

    • হে সমুদ্র, চিরকাল কী তোমার ভাষা?
      সমুদ্র কহিল, মোর অনন্ত জিজ্ঞাসা। 
      কিসের স্তব্ধতা তব ওগো গিরিবর?
      হিমাদ্রি কহিল, মোর চিরনিরুত্তর॥


    • মোহের আশঙ্কা

    • শিশু পুষ্প আঁখি মেলি হেরিল এ ধরা---
      শ্যামল, সুন্দর, স্নিগ্ধ, গীতগন্ধ-ভরা;
      বিশ্বজগতেরে ডাকি কহিল, হে প্রিয়,
      আমি যতকাল থাকি তুমিও থাকিয়ো॥


    • চালক

    • অদৃষ্টেরে শুধালেম, চিরদিন পিছে
      অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?
      সে কহিল, ফিরে দেখো। দেখিলেম থামি,
      সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি॥